মালয়েশিয়ায় বাংলাদেশিকে খুন করল পাকিস্তানি
- আপডেটের সময় : ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
- / 540
ইফতারের সময় কমলার জুস খাওয়ায় এক বাংলাদেশি কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার এক (পাকিস্তানি) সহকর্মী। মালয়েশিয়া গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৯ মার্চ) ইফতারের সময় সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৩৬’র একটি কারখানার কর্মী হোস্টেলে এ ঘটনা ঘটে।
বুধবার (২০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানান শাহ আলম জেলার পুলিশ প্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম। ইকবাল বলেন, সন্দেহভাজন ৫১ বছর বয়সী পাকিস্তানি নাগরিক রান্নাঘর থেকে ছুরি নিয়ে ওই বাংলাদেশিকে একাধিকবার আঘাত করার অভিযোগ পাওয়া গেছে। রিপোর্ট দায়েরের ১০ মিনিট পরে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ওই পাকিস্তানিকে গ্রেফতার করে পুলিশ।
বুধবার (২০ মার্চ) সকাল ৯টায় আসামিকে রিমান্ডে নেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে যা দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা ৪০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে বলে জানান পুলিশ প্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম।











