পিবিএন এস :বিএনপির মহাসমাবেশে যোগদানকারীদের ঠেকাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে লাঠিয়াল বাহিনী মোতায়েন করেছিল জাতীয় ঘাটশ্রমিক লীগ। দলের স্থানীয় নেতাকর্মীদের সমন্বয়ে এই বাহিনী সকাল থেকে রাজধানীর সদরঘাট ও বুড়িগঙ্গা নদীতে টহল দিয়েছে। পুলিশের উপস্থিতিতে লাঠিসোঁটা নিয়ে তাঁদের এই টহল দিতে দেখা যায়। তারা লঞ্চ ও ছোট নৌকা আটকিয়ে তল্লাসী এমনকি যাত্রীদের জেরা করছে। সমাবেশে আসছেন না এমন যাত্রীদেরও তারা ঘাটে ভিড়তে দেয় নাই।লঞ্চগুলোকে ফিরিয়ে দেয়া হয়েছে। নিজেদের পাহারায় এগুলোকে মুন্সিগঞ্জ পর্যন্ত পৌছানো হয়েছে। স্থানীয়রা জানান, কেরানীগঞ্জের কালীগঞ্জ চর ঘাট থেকে কোলামোড়া এলাকা পর্যন্ত ভোর থেকে টহল দিয়েছে জাতীয় ঘাটশ্রমিক লীগের নেতা-কর্মীরা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ভোর থেকে পুলিশের উপস্থিতিতে সদরঘাট এলাকায় লগি, বৈঠা ও লাঠিসোঁটা নিয়ে ট্রলারে চড়ে নদীতে টহল দিয়েছে ঘাটশ্রমিক লীগের নেতা-কর্মীরা। একপর্যায়ে ছোট নৌকাগুলোর মাঝি ও যাত্রীদের মারধরের চেষ্টা করেন তাঁরা। এ সময় আতঙ্কিত যাত্রীরা নৌকা থেকে দ্রুত নামতে গিয়ে একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি।