পিবিএনএস ঃ গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের ৩০ নেতার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন।
আদালত থেকে বেরিয়ে তাঁদের আইনজীবী রফিক-উল-হক সাংবাদিকদের জানান, তাদের কারামুক্তি দিতে আর কোন বাধা নেই।
এর আগে ২৭ মে বিরোধী দলের পাঁচ সাংসদের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩০ নেতার জামিন প্রশ্নে রুল জারি করেন। এক সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়।
গত ২৯ এপ্রিল হরতাল শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর অভিযোগে তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। মামলার ১১ দিনের মাথায় ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর ১৬ মে মহানগর হাকিমের আদালতে ৩৩ নেতা হাজির হন। ওই দিন তাঁদের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। পরে মহানগর দায়রা জজ আদালতও জামিন আবেদন খারিজ করে দিলে তাঁরা হাইকোর্টে আবেদন করেন।