বিনোদন রিপোর্ট : ২৫শে বৈশাখ রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষ্যে বিশেষ দিবসের অনুষ্ঠানমালা হিসেবে বাংলাভিশনে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয়টায় (নিউ ইয়র্ক সময় বেলা এগারোটায়) প্রচারিত হবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুক্তির উপায়’ ছোটগল্প অবলম্বনে নির্মিত বিশেষ নাটক ‘সংসার রঙ্গ।’ কমেডিধর্মী এ গল্পের নাট্যরূপ দিয়েছেন বিশিস্ট সাংবাদিক ও কলামিষ্ট সাঈদ তারেক। বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ। প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, তাজিন আহমেদ, লাজুক, ফারজানা চুমকি, স্বাধীন খসরু, গোলাম হাবিব মধু, চাঁদ প্রবাসী, মাহবুবা মনা, বীথি দেবনাথ, মুকিদ জাকারিয়া প্রমূখ।
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প বলতেই ধারনা জন্মে গুরুগম্ভীর কোন বিষয়। কিন্তু তিনিও যে কমেডিধর্মী গল্প লিখে গেছেন এ বিষয়টা অনেকের কাছেই অজানা। সাঈদ তারেক তেমনি একটা হাসির গল্পের নাট্যরূপ দিয়েছেন। ‘মুক্তির উপায়’ গল্পে দেখা যায় দুই স্ত্রীর অত্যাচারে অতীষ্ঠ হয়ে গৃহত্যাগ করে মাখনলাল। ওদিকে নিজ স্ত্রীকে ধর্মকর্মে মনোনিবেশ করাতে ব্যর্থ হয়ে ক্ষোভে দু:খে সংসারধর্ম ছেড়ে চলে যায় ফকিরচাঁদ। ঘটনাক্রমে ফকিরচাঁদ মাখনলালের বাড়ী গিয়ে ওঠে এবং বাড়ীর সকলে ফকিরচাঁদকেই মাখনলাল ভেবে বসে। প্রথমটায় ফকিরচাঁদ ব্যপারটায় মজা পেলেও যখন টের পায় বাড়ীতে মাখনলালের দুই খান্ডারনী স্ত্রী এবং গোটা সাতেক ছেলেপিলে আছে, প্রমাদ গোনে। পালাতে চায়, কিন্তু পাড়া প্রতিবেশীর কড়া পাহাড়ায় তা সম্ভব হয়না। এদিকে একপাল শালা শালীর অত্যাচারে অতীষ্ঠ হয়ে ওঠে ফকিরচাঁদ। বারবারই পালাবার উদ্যোগ নেয়।
নানা মজাদার ঘটনার মধ্য দিয়ে গল্প এগিয়ে চলে এবং অবশেষে সকলের ভুল ভাঙ্গে।